
রাজধানীর মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মকর্তাকে ঘিরে উঠেছে অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ। অল্প আয়ের চাকরি থেকে শুরু করে অল্প সময়েই কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়ায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।অভিযোগ অনুযায়ী, হাজিক আব্দুস সোবহান নামে ওই কর্মকর্তা একসময় দৈনিক মাত্র ৬০ টাকা হাজিরায় কাজ করতেন। কিন্তু বর্তমানে তিনি ঢাকায় একাধিক বাড়ি-ফ্ল্যাট ও বিপুল জমির মালিক হয়েছেন বলে দাবি উঠেছে। তার এই আকস্মিক সম্পদ বৃদ্ধির উৎস নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর হাউজিং এলাকাসহ আশপাশে সরকারি খাস জমি ব্যক্তিমালিকানায় রূপান্তর করে প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করেছেন তিনি। এমনকি সাব-রেজিস্ট্রি অফিসে কোনো কাজ সম্পন্ন করতেও তার ‘অনুমতি’ বা ‘সহযোগিতা’ ছাড়া ফাইল নড়াচড়া করে না—এমন অভিযোগও করেছেন একাধিক ভুক্তভোগী।এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা ও সম্ভাব্য দুর্নীতির বিষয়টি তদন্তের দাবি উঠেছে। স্থানীয়দের মতে, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।