
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাগেরহাটের নিজ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাসভবনে এ ঘটনা ঘটে।জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মূল সংযোগ লাইনের তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের মূল্য আনুমানিক প্রায় ৬০ হাজার টাকা।পারিবারিক সূত্রে জানা যায়, সেদিন রাতে ভারী বৃষ্টির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়। এই সুযোগেই চোরেরা বাড়ির সীমানা অতিক্রম করে এবং সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও বিদ্যুতের তার কেটে নিয়ে পালিয়ে যায়।মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ প্রশাসন। ইতোমধ্যে চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম কাজ শুরু করেছে। সন্দেহভাজন হিসেবে স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে, বিশেষ করে দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার বাড়িতেই চুরি হওয়ায় বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।