
সরকারি দলের সংসদীয় সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকেই। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।এ ছাড়া সংসদের কার্যপ্রণালি, অধিবেশন পরিচালনা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়েও সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের হুইপদের বৈঠকজাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনের লক্ষ্যে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের মধ্যেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সংসদ ভবনে চিফ হুইপ মো. নূরুল ইসলামের দপ্তরে এই বৈঠক হয়।বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম। বৈঠকে সংসদের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।