
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান চালায়। পুলিশ জানায়, মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন স্পট ও সন্দেহভাজন এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়।থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাসে জনসাধারণ যেন নিরাপদে রোজা পালন করতে পারেন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্যাপন করতে পারেন—সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অপরাধ দমন ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।