
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের সরকার নির্ধারিত বেতন-ভাতা নিয়েই দায়িত্ব পালন করতে হবে, ঘুস ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, “থানায় কোনো দালাল থাকতে পারবে না। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না।”দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে এমপি হাসনাত বলেন, “আমি সাধারণ মানুষ পাঠিয়ে তদন্ত করে দেখেছি, সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের মাধ্যমেও খোঁজখবর নিয়েছি। এখন থেকে থানায় কোনো দালাল থাকতে পারবে না।” তিনি একজন দালালের নাম উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা বলেন।তিনি আরও বলেন, “আল্লাহপাক যেহেতু জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন, অবশ্যই জনগণের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যেন মানুষ হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।”সরকারি কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “সরকার যে সুবিধা দেয়, তার মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। অতিরিক্ত কিছু নেওয়া যাবে না। ঘুসের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।”সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমার কথাগুলো নিয়ে কেউ মতানৈক্য করতে পারলে আমি চ্যালেঞ্জ করছি।” তিনি দাবি করেন, নিজে লোক পাঠিয়ে থানার কার্যক্রম যাচাই করে দালালচক্রের উপস্থিতির প্রমাণ পেয়েছেন।এ সময় তিনি ওসিকে সেকেন্ড অফিসারসহ বৈঠকে বসে থানার ভেতরের অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।