
সড়ক থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদা তোলা বন্ধ করে দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব।শনিবার সকালে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে তিনি ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান ও আলমসাধু (স্থানীয় যান) চালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন। এ সময় তিনি আদায়কারীদের কাছ থেকে রসিদ জব্দ করেন এবং বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেন।ভুক্তভোগী চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কে এক শ্রেণির প্রভাবশালী চক্র টোলের নামে ইজিবাইক, ভ্যান, রিকশা, আলমসাধু ও নছিমন চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল। প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে বাধ্য করা হতো বলে জানান তারা।সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য আবু তালিব আদায়কারীদের কাছে প্রশাসনের অনুমতিপত্র বা সরকারি রসিদ দেখতে চান। তবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তিনি তাৎক্ষণিকভাবে চাঁদা তোলা বন্ধের ঘোষণা দেন।এ বিষয়ে আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। অবৈধভাবে চাঁদা আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।স্থানীয় চালকদের মধ্যে এ পদক্ষেপে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।