
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশ বেছে নেবেন—এ নিয়ে কূটনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে তাকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর প্রথম সফর শুরু হতে পারে দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতিম দেশ ভুটান দিয়ে।বিশ্লেষকদের মতে, ঐতিহাসিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ভুটান একটি গুরুত্বপূর্ণ পছন্দ হতে পারে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ছিল ভুটান—এ বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হচ্ছে। পাশাপাশি ভূ-রাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক ভারসাম্যের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।সূত্র জানায়, ভুটান সফরের পর ধাপে ধাপে সার্কভুক্ত অন্যান্য দেশ সফরের পরিকল্পনাও রয়েছে সরকারের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আসবে।প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে হবে—তা এখন সময়ের অপেক্ষা।