রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই যাত্রীবাহী বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক ব্যাংক কর্মীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আবুল কাশেম একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, সন্ধ্যায় অফিস শেষ করে বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। এ সময় রাস্তা পার হওয়ার সময় রাইদা ও ভিক্টর নামের দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
