ঢাকার রমনা এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও ১১-দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, হামলাটি “মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে” সংঘটিত হয়েছে। তিনি বলেন, “ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে।”নাহিদ ইসলাম এটিকে “পরিকল্পিত সন্ত্রাসী হামলা” হিসেবে অভিহিত করে বলেন, “আপনারা একদিকে ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন; আমরা বাংলাদেশে এটা হতে দেবো না। নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপি দলীয়ভাবে এর প্রতিকার দেখুক।”তিনি আরও হুঁশিয়ারি দেন, “আগে যা করছেন করছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব, কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী, আর কে জনগণের পক্ষে কথা বলে।”নাহিদ ইসলামের মতে, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে ঢাকায় একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন, যা শহরের মানুষ জানে। তিনি বলেন, “কিছু হলে জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয়, কিন্তু বিএনপি’র নিজের অতীতও বাংলাদেশের মানুষ ভুলে নি। ২০০১ থেকে ২০০৬ সালের ঘটনা এখনো স্মৃতিতে রয়েছে।”উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারী এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী, যেখানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বী।
