দুর্নীতির অভিযোগে শুনানির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও হিযবুত তাহরীর নেতা মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।দুদকের পাঠানো নোটিশ অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে মোহাম্মদ এজাজের বক্তব্য গ্রহণ ও যাচাইয়ের অংশ হিসেবেই এই শুনানির আয়োজন করা হয়েছে। এজাজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের এ পদক্ষেপকে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।এদিকে অভিযোগের প্রেক্ষাপটে আরও বলা হচ্ছে, ডিএনসিসিতে সংঘটিত কথিত দুর্নীতির বড় একটি অংশে এজাজের ডান হাত হিসেবে ভূমিকা পালন করেছেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ডিএনসিসিতে কর্মরত আছেন।অভিযোগ রয়েছে, প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প, ঠিকাদারি ও প্রকৌশলসংক্রান্ত কার্যক্রমে এজাজের বিভিন্ন কর্মকাণ্ডে মঈন উদ্দিন সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। ফলে শুধু এজাজ নন, ডিএনসিসির চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনের ভূমিকাও তদন্তের আওতায় আনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিশ্লেষকদের মতে, ডিএনসিসির মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই এজাজের পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। এতে নগর প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ভবিষ্যতে অনিয়ম রোধে কার্যকর বার্তা যাবে।এ বিষয়ে মোহাম্মদ এজাজ বা ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
