দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসিতে বদলি আদেশ ঠেকাতে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে জিয়া পরিষদের এক নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত এক প্রিন্সিপাল অফিসারকে বদলি আদেশ ঠেকাতে ফোন করা হয়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম বাশার হিসেবে পরিচয় দেন।অডিওতে বাশারকে বলতে শোনা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তা যে অ্যাকাউন্ট দিয়েছেন, সেখানে টাকা পাঠানো হয়েছে। তিনি দুই-তিন মিনিটের মধ্যে বিষয়টি ‘ম্যানেজ’ হয়ে যাবে বলেও আশ্বস্ত করেন। একপর্যায়ে তিনি জানান, রেজা স্যারের জন্য ৪০ হাজার টাকা পাঠানো হয়েছে এবং মসজিদের জন্য আরও ১০ হাজার টাকা দিতে হবে। তিনি বিকাশ নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠানোর কথাও বলেন।অভিযোগ অনুযায়ী, ফোনে কথা বলার সময় বাশার বারবার বিষয়টি গোপন রাখতে বলেন এবং ফোনে কথা না বলে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগের তাগিদ দেন।এই অডিও ফাঁসের ঘটনায় সোনালী ব্যাংকের ভেতরে-বাইরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যাংকের বদলি প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।এ বিষয়ে এখনো সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বা অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে।
