জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) তিনি অধিদপ্তরে যোগদান করেন।দায়িত্ব গ্রহণ উপলক্ষে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভার শুরুতে নবনিযুক্ত মহাপরিচালক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।মতবিনিময় সভায় মো. জহিরুল ইসলাম বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ ভোগ্যপণ্য ও সেবার প্রাপ্যতা নিশ্চিত করা এ অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব।তিনি আরও বলেন, ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ খাদ্য এবং ভেজালবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।নবনিযুক্ত মহাপরিচালক ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
