নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকায় এক প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির সময় আনোয়ার হোসেন টিটু (যুবক) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরও দুই সহযোগী পালিয়ে যায়।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে হক ম্যানশন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। রাতে সুধারাম মডেল থানায় সংবাদ সম্মেলনে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় অস্ত্র ও মাদকসহ টিটুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় আগে থেকেই ৭টি মামলা রয়েছে।পালিয়ে যাওয়া দুই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।
