গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলামের বিরুদ্ধে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, বিতর্কিত পদোন্নতি, অবৈধ সম্পদ অর্জন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং রাজধানীতে নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা প্রয়োজন।অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নজরুল ইসলাম একদিনে একাধিক পদোন্নতি পেয়ে সচিব হন। এরপর তিনি বিভিন্ন সংগঠন ও সমিতির ব্যানারে সরকারি দপ্তরের সভাকক্ষে নিয়মিত সভা-সমাবেশের আয়োজন করেন এবং একটি প্রভাবশালী বলয় গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।অভিযোগকারীরা আরও দাবি করেন, নজরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ, পদায়ন ও প্রশাসনিক সুবিধা পেয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রশাসন, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করে নিজেদের অনুসারীদের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং প্রভাব খাটানোর অভিযোগও আনা হয়েছে।
