পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে। বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।তিনি আরও বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর প্রশিক্ষণ সম্পন্ন করা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানান।ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে তারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন পাবেন।
