কক্সবাজারের উখিয়ায় মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আগে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. মিজানুর রহমান (২৬), ফরহাদ হোসেন (১৮), সাজ্জাদুর রহমান (১৯), সাইফুল ইসলাম (২১), মোহাম্মদ ইমরুল (১৯), মো. সোহেল (১৯) এবং মাইক্রোবাসচালক আবুল খায়ের (৩০)।পুলিশ জানায়, গত ২৬ জুলাই উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।ওই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া।মামলায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। শনিবার গ্রেফতার হওয়া সাতজনকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
