রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ২৩টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক, স্বর্ণালংকার, যানবাহন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজনকে গ্রেপ্তার করেছে।অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভ্যান, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতায় মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
