হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন ছাত্রদল নেতা আহত হন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।আসামিদের মধ্যে রয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নাহিদ উদ্দিন তারেকসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১০ নেতা।অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। দলটির দাবি, পদযাত্রা শেষে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন এবং একজন কর্মী একটি চোখ হারান।হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী জানান, ছাত্রদল নেতার করা অভিযোগের ভিত্তিতে এনসিপির নেতাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য পাওয়া যায়নি।
