ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক সাবেক বাসচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ কোটির বেশি রুপি নগদ অর্থ ও ১৫ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিনার মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিনার মন্ডল আগে বাসচালক হিসেবে কাজ করলেও বর্তমানে তিনি পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়। টুলু মন্ডলকে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) রাতে মিনার মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে প্রায় সাড়ে ৫ কোটি রুপি উদ্ধার করা হয়। পরে দীর্ঘ সময় ধরে টাকা গণনা শেষে নগদ অর্থের পরিমাণ ২৮ কোটির বেশি বলে নিশ্চিত হয় পুলিশ। বিপুল পরিমাণ টাকা গুনতে গিয়ে পাঁচটি টাকা গণনার মেশিন বিকল হয়ে যায় বলেও জানা গেছে।পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া ১৫ কেজি সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি রুপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনার মন্ডল দাবি করেছেন, নগদ অর্থ ও সোনা টুলু মন্ডল এবং তাঁর কথিত অবৈধ সিন্ডিকেটের।তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মিনার মন্ডলের সঙ্গে টুলু মন্ডলের মালিকানাধীন পাথরের খনি ও ক্রাশিং ইউনিটের সরাসরি যোগাযোগ রয়েছে। কীভাবে তাঁর কাছে এত বিপুল অর্থ ও সম্পদ এসেছে এবং এর উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে।অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তবে এটি কোনো নির্দিষ্ট অপরাধ বা অবৈধ আর্থিক লেনদেনের তদন্তের অংশ কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অর্থ ও সোনার প্রকৃত মালিকানা, উৎস এবং সম্ভাব্য অবৈধ লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
