পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মো. আকবর খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে ঈশ্বরদী থানায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আকবর খান পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী মো. শাহিন আলী গত ২৪ জুলাই সন্ধ্যায় ছয় চাকার একটি ট্রাকে মাছ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা মাছের আড়তের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন সহকারী আনিছুর রহমান (২২)। পথিমধ্যে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।ঘটনার পর ভুক্তভোগী ঈশ্বরদী থানায় মামলা দায়ের করলে তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
