রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের মিল নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসের পর্যবেক্ষণে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, টিআইবির প্রতিবেদনে রাজধানীতে অপরাধ বৃদ্ধির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা পুলিশের নিয়মিত অপরাধ পরিসংখ্যান ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তিনি জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোতে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব পালনের চাপ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো সদস্য ব্যক্তিগত বা পারিবারিক কারণে মানসিক চাপে থাকলে তা গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।সম্প্রতি পুলিশ সদস্যদের আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ব্যক্তিগত সমস্যাও অনেক সময় মানসিক চাপের কারণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
