ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, পূর্ব ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেশে আনা যাবে। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার ডলার গ্রহণ করতে পারবেন ফ্রিল্যান্সাররা।বুধবার (২২ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের মতো ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয় গ্রহণ করা যাবে। ফলে প্রচলিত রপ্তানি নথির ওপর নির্ভরতা কমবে।নির্দেশনায় ডুয়াল-কারেন্সি ফ্রিল্যান্সার কার্ড চালুর সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ব্যবহারের পরিধিও বাড়ানো হয়েছে।বর্তমান নিয়ম অনুযায়ী, তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানিকারকরা ৩০ শতাংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন এই উদ্যোগ ডিজিটাল বাণিজ্য ও ফ্রিল্যান্সিং খাতের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
