পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখল, মাটি কেটে আকার পরিবর্তন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, তার বড় ভাই মামুন এবং বাবা এবিএম হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে সোমবার (২০ জুলাই) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকালে অভিযুক্তরা একটি ভেকু (খননযন্ত্র) নিয়ে বিদ্যালয়ের মালিকানাধীন ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে প্রবেশ করেন। সেখানে মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম ও কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় নুরুজ্জামান কাফি প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা প্রায় ১১০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত জমি থেকে মাটি কেটে সরিয়ে ফেলেন এবং সেখানে খোয়া ফেলে রাস্তা নির্মাণ করেন। এতে বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।তবে মামলায় আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান কাফি। তার দাবি, দীর্ঘদিনের আইনি প্রক্রিয়ার পর জমির প্রকৃত ওয়ারিশরা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে মালিকানা পেয়েছেন এবং তিনি তাদের কাছ থেকে বায়নামূলে জমি কিনেছেন। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পর সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান।কাফি বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে তার কোনো সাক্ষাৎ বা কথোপকথন হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে বলেও মন্তব্য করেন।মামলার বিষয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া জানান, আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
