রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ১ হাজার ৩৮৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৩৯৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৪টি যানবাহন রেকার করা হয়েছে।ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার পরিচালিত বিশেষ অভিযানে ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ২৯৯টি মামলা করা হয়। এছাড়া গুলশান বিভাগে ২৫১টি, তেজগাঁওয়ে ১৮০টি, উত্তরায় ১৭৪টি, ওয়ারীতে ১৬৬টি, মিরপুরে ১৫৩টি, লালবাগে ৯৪টি এবং রমনা বিভাগে ৬৯টি মামলা হয়েছে।অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
