পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পূর্বানুমতি ছাড়া পুলিশের কোনো ইউনিট প্রধান কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ হিসেবে গণ্য করা হবে। পুলিশ সদরদপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে কিছু ইউনিট প্রধান পুলিশ সদরদপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। ছুটি বা অন্য কোনো কারণে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির অনুমতি নিতে হবে।এই নির্দেশনা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র্যাব মহাপরিচালক, বিশেষ শাখার (এসবি) প্রধানসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, সাধারণত ইউনিট প্রধানরা সদরদপ্তরের অনুমতি নিয়েই কর্ম–এলাকা ত্যাগ করেন। তবে সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রম দেখা যাওয়ায় পুনরায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
