বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী খোন্দকার মিসবাহ-উল-আজীমকে আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখে ভাইস এডমিরাল পদে পদোন্নতি দিয়ে সেদিন বিকেল থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।তিনি ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জুলাই ২০২৯ পর্যন্ত মোট তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন।বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই দেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।
