সারা দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় এ বৈঠক শুরু হয় বলে জানা গেছে।এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন।সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন।রাজধানীর সায়েন্স ল্যাবে বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।তিনি বলেন, “আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”শিক্ষার্থীদের এই দাবির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
