ভারতের রাজধানী দিল্লিতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। সোমবার (১৩ জুলাই) ভোরে পূর্ব দিল্লির কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মনীশ ভাটি। ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহত প্রিয়াঙ্কা পেশায় একজন শিক্ষিকা ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে মনীশ ভাটি ও তার স্ত্রী প্রিয়াঙ্কা স্কুটারে করে কল্যাণপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মনীশ স্কুটার থামিয়ে দেন এবং দুজনই রাস্তায় নেমে ঝগড়া করতে থাকেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঝগড়ার একপর্যায়ে মনীশ হঠাৎ পিস্তল বের করে প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে গুলি চালান। এরপর গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে রাস্তায় ফেলে রেখে তিনি পালিয়ে যান।ঘটনার কিছুক্ষণ পর এক ডেলিভারি কর্মী প্রিয়াঙ্কাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস) হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোমবারই ছিল প্রিয়াঙ্কার ২৬তম জন্মদিন। অন্যদিকে অভিযুক্ত মনীশ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির অ্যান্টি-অটো থ্যাফট স্কোয়াডে (এএটিএস) কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন।এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক পুলিশ সদস্যকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
