রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানের ফলে যাত্রী ও পথচারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের জনদুর্ভোগও কমেছে।এমআরটির উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। এতে র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।সংশ্লিষ্টরা জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে প্রতিদিন হাজারো যাত্রী ও পথচারীকে ভোগান্তিতে পড়তে হতো। অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।ডিএমপির শ্রেষ্ঠ ওসি পদকপ্রাপ্ত হাফিজুর রহমানের নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা, যানজট নিরসন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের অভিমত। তার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরতে শুরু করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীর স্বার্থে এবং শৃঙ্খলাপূর্ণ নগর পরিবেশ বজায় রাখতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
