হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিলাম (অকশন) বিভাগের ম্যানেজার পরিচয়ে কম মূল্যে আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮)। সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (৭ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের একটি দল ভাটারা ও বাড্ডা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঢাকার একটি বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠানে কর্মরত। প্রতারক চক্রের সদস্যরা প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে নিজেদের বিমানবন্দরের অকশন বিভাগের কর্মকর্তা এবং পরে অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দেয়।একপর্যায়ে তারা দাবি করে, বিমানবন্দরে জব্দ বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক পণ্য বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি করা হবে। পাশাপাশি প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী জীবনবীমা পলিসি গ্রহণে আগ্রহী বলেও জানিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জনের চেষ্টা করে।পরবর্তীতে প্রতারকরা ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) ভুয়া ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ নানা জাল কাগজপত্র সরবরাহ করে। এসব নথির ভিত্তিতে বিশ্বাস স্থাপন করে ভুক্তভোগী তাদের কাছে অর্থ বিনিয়োগ করেন।সিআইডি জানিয়েছে, প্রতারণার ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
