প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। দেশপ্রেমে বলিয়ান হয়ে পিজিআর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সেনানিবাসে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে আর্থসামাজিক ও সাইবারসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীসহ দেশের সব নিরাপত্তা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী যদি নিয়মানুবর্তিতা, পেশাদারিত্ব ও দক্ষতা বজায় রাখে, তাহলে দেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে পড়বে না।তারেক রহমান বলেন, সরকার সশস্ত্র বাহিনীসহ দেশের সব বাহিনীর আধুনিকীকরণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাহিনীগুলোর কর্মকর্তা ও সদস্যদের চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে পিজিআরের কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
