বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। পুলিশ বাহিনীর ছয়জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
