পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।একই প্রজ্ঞাপনে পুলিশের আরও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।এছাড়া পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
