দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর একই দিন সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হয়েছে।বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১২ টাকা ৫৩ পয়সা কমানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।এর আগে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। পরে জুনে দাম কিছুটা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ঘোষণায় গ্রাহকরা আরও বড় মূল্যহ্রাসের সুবিধা পাচ্ছেন।উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল থেকে বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে।
