সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ কর্মস্থল থেকে বিদায় নেন তারা।অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি মো. আবুল খায়ের।মো. ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় দায়িত্ব পালনের আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে রেজাউল করিম মল্লিক চলতি বছরের ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। তবে পদোন্নতির পর নতুন কোনো ইউনিটে পদায়ন ছাড়াই তিনি অবসরে যান।রেজাউল করিম মল্লিক এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে তিনি ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এদিকে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি মো. আবুল খায়েরও দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন।তিন কর্মকর্তার কর্মজীবনের শেষ দিনে পুলিশ সদরদপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় তাদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন এবং অবসরোত্তর জীবনের জন্য শুভকামনা জানান।
