সরকারি বিধি অনুযায়ী চাকরির বয়সসীমা ৫৯ বছর পূর্ণ হওয়ায় স্বাভাবিক অবসরে গেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রেজাউল করিম মল্লিক।মঙ্গলবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।অবসরে যাওয়ার আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে অংশ নেন তিনি। পরে বিকেলে ঢাকা রেঞ্জের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিক বিদায় জানান।সহকর্মীদের মতে, দীর্ঘ কর্মজীবন শেষে তিনি পুলিশের প্রচলিত জাঁকজমকপূর্ণ বিদায় আয়োজনের পরিবর্তে অত্যন্ত সাদামাটা পরিবেশে বিদায় গ্রহণ করেন।বিদায় অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল জলিল, এবি সিদ্দিক, সাইফুজ্জামান ফারুকী, মো. সোলায়মানসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ বাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে রেজাউল করিম মল্লিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অবদান রাখেন।
