বরিশালে প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী মো. সালামকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।রোববার (২৮ জুন) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত মো. সালাম বরিশাল কোতোয়ালি থানার চর বুখাইনগর এলাকার মৃত মানিক খানের ছেলে। কিছুদিন আগে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ ও বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে প্রতিপক্ষকে আইনি হয়রানির উদ্দেশ্যে গত ১৫ জুন মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন তিনি।পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করা হলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামিদের সামাজিক ও ব্যক্তিগতভাবে হয়রানি করার উদ্দেশ্যে সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা ঘটনা সাজিয়ে মামলাটি দায়ের করা হয়েছে।মামলার শুনানিকালে সাক্ষ্য-প্রমাণ এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত নিশ্চিত হন যে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এরপর আদালত বাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন যে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। তবে সালাম আদালতে হাজির না হয়ে আত্মগোপনে চলে যান।আদালত রায়ে তাকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে উল্লেখ করা হয়।সাজা ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়েছেন।
