ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া হাজার হাজার মানুষকে বিষপ্রয়োগে হত্যার ভয়াবহ পরিকল্পনা ভণ্ডুল করেছে পুলিশ। এ ঘটনায় ফাইয়াজ প্রেমজি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) তাজিয়া মিছিল চলাকালে সাধারণ মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের সময় ফাইয়াজকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিছিলে অংশ নেওয়া প্রায় ১৫ হাজার মানুষকে বিষপ্রয়োগে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের দেওয়া কিছু ক্যাপসুল সেবনের পর অন্তত এক ডজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।ল্যাবরেটরি পরীক্ষায় উদ্ধার করা ক্যাপসুলগুলোতে জিঙ্ক ফসফাইড নামের অত্যন্ত বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়। সাধারণত এই রাসায়নিক ইঁদুর নিধনের বিষ হিসেবে ব্যবহৃত হয় এবং মানবদেহের জন্য অত্যন্ত প্রাণঘাতী।শনিবার অভিযুক্ত ফাইয়াজ প্রেমজিকে স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং পরিকল্পনাটি কতটা বিস্তৃত ছিল, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
