নীলফামারীতে ভিসা প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম বৃটিশ (২০), নিতাই বসুনিয়াপাড়া এলাকার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) এবং নীলফামারী সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করতেন। এসব বিজ্ঞাপনের মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের টার্গেট করে ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে তারা প্রতারণা করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।ডিবির ওসি মতলুবর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রটির কার্যক্রম এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
