বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক (আজীবন) পদ থেকে মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম আবদুল্লাহ-এর নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনকালে গ্রহণ করা দুই বছরের বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম সভায় অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে ইমেরিটাস অধ্যাপক (আজীবন) হিসেবে দেওয়া নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই সভার তারিখ থেকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নেওয়া বেতন-ভাতাদি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে অধ্যাপক এ বি এম আবদুল্লাহ নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তার দাবি, প্রতিহিংসাবশত তার নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি বলেন, ইমেরিটাস পদ সাধারণত আজীবন বহাল থাকে এবং বেতন ফেরতের নির্দেশ দেওয়া কর্তৃপক্ষের ‘নিচু মানসিকতার পরিচয়’।বিশ্ববিদ্যালয়ের আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৩ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায়, ৯২তম সিন্ডিকেট সভায় ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন এবং একই সভায় সংশোধিত অধ্যাদেশের ভিত্তিতে অধ্যাপক এ বি এম আবদুল্লাহর নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছিল।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, একই সিন্ডিকেট সভায় অধ্যাদেশ সংশোধন করে তাৎক্ষণিকভাবে সেই সংশোধিত বিধানের আওতায় নিয়োগ অনুমোদন দেওয়া বিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়। এ কারণেই তার ইমেরিটাস অধ্যাপক (আজীবন) পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
