ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও ৭ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্য দিয়ে মামলায় মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আগামী ১৩ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, এদিন দুদক পক্ষের ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান এর আগে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুর এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী।অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে সেই অর্থ তুলে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনার অভিযোগ রয়েছে।২০২৫ সালের ২৪ জুলাই দুদক এ মামলাটি দায়ের করে। তদন্তে নতুন করে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় মোট ৯২ জন সাক্ষী রয়েছেন।
