যশোরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।শুক্রবার (১৯ জুন) যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন সন্ধ্যায় যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে সুমন আহমেদের বিরুদ্ধে। একই সঙ্গে তার বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উত্থাপিত হয়।এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ১০ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।পরে সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জেলা ছাত্রদল।দলীয় সূত্র বলছে, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
