নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের মিছিলের প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি রাত ১০টার দিকে নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন—মান্দা উপজেলার দক্ষিণ মৈনম এলাকার সবের আলীর ছেলে মানিক (৩৮), চকভবানী এলাকার এরশাদ আলীর ছেলে আশিকুর রহমান (২৭) এবং সদর উপজেলার বক্তারপুর এলাকার আজিজুল হাসানের ছেলে রাশেদ আহমেদ পাপ্পু (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ দলের কয়েকজন সদস্য নওহাটা এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করা হয়।জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হবে। এরপর বুধবার তাদের আদালতে পাঠানো হবে।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
