ইসলামী ব্যাংককে ঘিরে চলমান আলোচনার মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামে ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এ ধরনের কোনো মন্তব্য করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে প্রচারিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, ভিডিও, বক্তব্যের রেকর্ড বা প্রাসঙ্গিক তথ্য পাওয়া যায়নি।এছাড়া কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে বাবর এমন মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বক্তব্য সাধারণত গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়। কিন্তু এ ধরনের কোনো মন্তব্যের তথ্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।অনুসন্ধানে আরও জানা যায়, একই ধরনের একটি দাবি সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নামেও প্রচার করা হয়েছিল। তবে যাচাই করে দেখা গেছে, তিনিও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে তিনি এক বক্তব্যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছিলেন।ফ্যাক্টচেকের ফলাফলে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন, যাতে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে।
