রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে জীবন রহমান নামে এক প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) প্রার্থীর মৃত্যু হয়েছে।বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জীবন রহমান ৪৩তম এসআই ব্যাচের একজন সদস্য ছিলেন। জানা যায়, ২০০৬ সালের এসআই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হলেও ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক কারণে নিয়োগ থেকে বাদ পড়া কর্মকর্তাদের একটি অংশ পরবর্তীতে পুনর্বহাল হয়ে প্রশিক্ষণে যোগ দেন।তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে উল্লেখ করেছেন, দীর্ঘ বিরতির পর অধিক বয়সে কঠোর শারীরিক প্রশিক্ষণে অংশ নেওয়া শারীরিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা চিকিৎসা প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
