রাজধানীর বুকে সবচেয়ে অভিজাত ও আধুনিক এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী ও বারিধারা। বাইরে থেকে এসব এলাকার বহুতল ভবনগুলোকে চোখধাঁধানো ও আধুনিক মনে হলেও, ভেতরে লুকিয়ে আছে এক চরম নিয়মহীনতার চিত্র। এলাকাগুলোর অধিকাংশ বাড়িতেই নেই কোনো সেপটিক ট্যাংক বা বর্জ্য ব্যবস্থাপনা।দীর্ঘদিন ধরে নিয়মের তোয়াক্কা না করে এসব বাসা-বাড়ির পয়োবর্জ্য সরাসরি গিয়ে মিশছে গুলশান-বনানীর লেকগুলোতে। আধুনিকতার আড়ালে এমন চরম পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে একদিকে যেমন লেকের পানি ও চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে তীব্র ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য।অনুসন্ধানে দেখা যায়, এই অভিজাত এলাকার প্রায় প্রতিটি ভবনের মালিকই দীর্ঘকাল ধরে আইন অমান্য করে আসছেন। কোটি কোটি টাকা খরচ করে আধুনিক ভবন নির্মাণ করা হলেও বর্জ্য নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা রাখা হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার লিটার অপরিশোধিত বর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, যা পুরো এলাকার বাতাস ও পরিবেশকে বিষাক্ত করে তুলছে।স্থানীয় সচেতন মহল ও পরিবেশবিদদের মতে, আইন প্রয়োগের শিথিলতার সুযোগ নিয়েই বাড়ির মালিকরা দিনের পর দিন এই ফাজলামি ও নিয়মহীনতা চালিয়ে আসছেন। অবিলম্বে এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এই লেকগুলো অচিরেই পুরোপুরি মৃত ও পরিত্যক্ত জলাশয়ে পরিণত হবে।
