চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। নিহত র্যাব সদস্য হলেন নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় র্যাবের আরও তিন সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে যাওয়ার পর মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়।তিনি বলেন, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে র্যাব-৭-এর ৪৩ সদস্যের একটি আভিযানিক দল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী সংঘবদ্ধভাবে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় র্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এ আর এম মোজাফ্ফর হোসেন আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। রাত হওয়ায় আগামীকাল মঙ্গলবার হামলায় জড়িতদের গ্রেফতারে কীভাবে অভিযান পরিচালনা করা হবে, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।”
