জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফিরে তিনি জানিয়েছেন, অতীতে বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে ইউএনজিএ সভাপতি ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তার বিজয় সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সময় তিনি একসঙ্গে দুই পদে দায়িত্ব পালন করবেন কি না এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কি না—এমন প্রশ্নের জবাব দেন।জবাবে তিনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন। খলিলুর রহমান জানান, প্রায় ৪০ বছর আগে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সে সময় তিনি একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
