রাজধানীর শ্যামলী ও আশপাশের এলাকায় পথচারীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় সাদমান সাকিব (২৭) নামে এক যুবককে জিম্মি করে চক্রের সদস্যরা। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে একটি গলিতে নিয়ে আটকে রাখা হয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।ভুক্তভোগী রাজি না হলে তাকে মারধর করা হয় এবং গুরুতর আঘাতের হুমকি দেওয়া হয়। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে শ্যামলী মোড়, রিং রোড, হাউজিং এলাকা ও আশপাশে পথচারীদের টার্গেট করে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
