চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১ জুন) সকালে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা শুরু হয়েছে।
